ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। সেপ্টেম্বরের নির্ধারিত সূচিতে সিরিজটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে এখনও চলছে আলোচনা। এর মধ্যেই নতুন সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। তাদের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে আলোচনা চলমান থাকায় বাংলাদেশ-ভারতের সীমিত ওভারের সিরিজটি পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের সূচি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজছে। বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’
মূলত ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে এসে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ঢাকায় ও চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে ম্যাচগুলো। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও এই সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিসিবি অবশ্য ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময় নির্ধারণ করে রেখেছিল। কিন্তু এই সময়ের কাছাকাছিই ভারতের বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ইতিমধ্যে জানিয়েছে, ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিনটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ফলে সেপ্টেম্বরের নির্ধারিত সময়ে বাংলাদেশ সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর সেই পরিস্থিতিতেই জানুয়ারিতে সিরিজ আয়োজনের সম্ভাবনার কথা সামনে আনল এএনআই।
বাংলাদেশের পক্ষ থেকেও অবশ্য বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলা হয়নি। বিসিবি সভাপতি তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে তারও কিছু সীমাবদ্ধতা আছে। ভারতের বাংলাদেশ সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তামিম বলেছিলেন, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, আমি ততটা গিয়েছি। আমি সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির নিয়মিত যোগাযোগ আছে।’
অর্থাৎ সিরিজটি ঠিক কবে হবে, সেটি এখনও নিশ্চিত নয়। সেপ্টেম্বরের সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যে জানুয়ারির সম্ভাবনা সামনে এসেছে। তবে বিসিসিআই ও ভারত সরকারের আলোচনার ফল এবং দুই বোর্ডের সমঝোতার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সময়ের আলো/প্রিন্ট/কেএইচও