২০৩২ অলিম্পিককে লক্ষ্য রেখে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের সফল সমাপ্তি
খেলা
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো ফাইনাল, পুরস্কার বিতরণী ও শিক্ষা উপবৃত্তি প্রদানের মধ্য দিয়ে পর্দা নামলো উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট
২০৩২ অলিম্পিককে লক্ষ্য রেখে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের সফল সমাপ্তি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর পুরষ্কার বতরনী । ছবি : সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো ফাইনাল, পুরস্কার বিতরণী ও শিক্ষা উপবৃত্তি প্রদানের মধ্য দিয়ে পর্দা নামলো উপমহাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬’।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের চরম উত্তেজনাপূর্ণ ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংধারী মিশরের খেলোয়াড় জিয়াদ ইব্রাহিম।
গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মেগা টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ তারকারা অংশ নেন। রুদ্ধশ্বাস ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ট্রফি নিজের নামে করেন মিশরীয় তারকা জিয়াদ ইব্রাহিম, আর রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বিশ্বের ১৬৪ নম্বর র্যাঙ্কিংধারী শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষীশ্রীকে।
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর পুরষ্কার বতরনী । ছবি : সংগৃহীত
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির অর্থ তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু হাসান-উজ-জামান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদেশি খেলোয়াড় ও দেশীয় ক্রীড়া ব্যক্তিত্বরা।
পুরস্কার বিতরণের মূল পর্বে চ্যাম্পিয়ন জিয়াদ ইব্রাহিম ও রানার্সআপ রভিন্দ্র লক্ষীশ্রীর পাশাপাশি প্রথম রানার্সআপ ইরানের সেফের এতেমাদপুর (বিশ্ব র্যাঙ্কিং ৫৬৬) এবং দ্বিতীয় রানার্সআপ মিশরের মোহাম্মদ গহরকে (বিশ্ব র্যাঙ্কিং ৯৫) সম্মানিত করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন উদীয়মান তরুণ প্রতিভা পারভেজ করিম।
বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর পুরষ্কার বতরনী । ছবি : সংগৃহীত
এর আগে মূল অনুষ্ঠানের সূচনায় 'স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি' কর্মসূচির আওতায় এ বছর মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি স্কোয়াশ খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয় এবং ক্ষুদে ক্রীড়াবিদদের মাঝে উন্নত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মৃতপ্রায় স্কোয়াশ খেলাটি গত পাঁচ বছরে লক্ষণীয় উন্নতি করেছে।
'ক্লাসরুম স্কোয়াশ' ও নেতৃত্বের বিকাশের মতো ধারাবাহিক উদ্যোগ বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় 'স্কোয়াশ ডেস্টিনেশন' হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। ২০৩২ সালের অলিম্পিকে অংশগ্রহণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও যৌথ প্রয়াসে স্কোয়াশকে আরও দূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আসরের সমাপ্তি ঘোষণা করা হয়।