রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় ছুরিকাঘাতে জনি (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে নিহতের স্ত্রী স্বপ্না বেগম ঢাকা মেডিকেলে এসে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।
স্বপ্না বেগম বলেন, তাদের বাসা শ্যামপুর ব্রিজের নবরুন গলিতে। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। তার স্বামী পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি রাতে বের হয়েছিলেন।
তার দাবি, ‘সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি কে বা কারা জনিকে ছুরিকাঘাত করেছে। এরপর ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।’
এর আগে শনিবার ভোরে নামা-শ্যামপুর বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে তার কাছ থেকে জিনিসপত্র ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অন্য ছিনতাইকারীরাও তাদের সঙ্গে যোগ দেয়। তারা চিৎকার করলে একপর্যায়ে সুইচগিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বুকের বাঁ পাশে ছুরিকাঘাত লাগে। একপর্যায়ে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আসামিদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/জেডআই