শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসব না : রাবি উপাচার্য

‎ ‎রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার তাদের সামনে আসব না।শনিবার (২৯

2026-08-29T15:11:38+00:00
2026-08-29T15:11:38+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিক্ষা
শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসব না : রাবি উপাচার্য
‎ ‎রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:১১ পিএম 
রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। ছবি : সময়ের আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার তাদের সামনে আসব না। 

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, যারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা, তারা আমাদের ক্যাম্পাসে এসেছেন। শুরুতেই তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যেখানে যাবেন, আপনারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।
‎তিনি বলেন, আপনাদের ওপর পিতা-মাতা, আত্মীয়-স্বজন, সমাজ এবং আমাদের সবার সাফল্যের প্রত্যাশা রয়েছে। সুতরাং আপনারা সবসময় সঠিক পথে চলবেন।
‎শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করে যেতে পারলে, আমি দ্বিতীয়বার আপনাদের সামনে আসব না। ইনশাআল্লাহ, এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার জন্য উদাহরণ হতে যাচ্ছে।
‎অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, এটি দেশের সেরা একটি বিশ্ববিদ্যালয়। আমি উচ্চশিক্ষার পৃথিবীতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। তোমরা দুই লাখের বেশি প্রতিযোগীর মধ্যে থেকে এখানে সুযোগ পেয়েছ। সুতরাং তোমরা সামনের দিনগুলোতে নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি।

‎তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা নেই, সেগুলো নিয়ে কাজ করার কথা ইতোমধ্যেই আমরা ভেবেছি। আমরা চাই, এখান থেকে সেরা সেরা মানুষ তৈরি হোক।
‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সর্বপ্রথম যেকোনো ধরনের মাদককে না বলবে এবং অসৎ সঙ্গ পরিহার করবে। ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংকিং-সংক্রান্ত কোনো তথ্য কারও সঙ্গে শেয়ার করবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে না।
‎তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়ে আরও বলেন, আমার শিক্ষার্থীদের পেটে পর্যাপ্ত খাওয়া দাওয়ার জন্য সরকারি কোনো ধরনের সহযোগিতার সুযোগ আছে কি না, বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন।
‎অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের অধিকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   শিক্ষার্থী  সমস্যা  সমাধান  সামনে  রাবি উপাচার্য  রাজশাহী বিশ্ববিদ্যালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: