‘বিষন্ন মন’ নিয়ে আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ

খেলা

দলবদলের গুঞ্জন আর ক্লাবের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। অসুস্থতার কারণে টানা তিন দিন দলের অনুশীলনে

2026-08-29T19:52:27+00:00
2026-08-29T20:10:53+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
খেলা
‘বিষন্ন মন’ নিয়ে আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৮:১০ পিএম
হুলিয়ান আলভারেজ । ছবি : সংগৃহীত
দলবদলের গুঞ্জন আর ক্লাবের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আতলেতিকো মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। অসুস্থতার কারণে টানা তিন দিন দলের অনুশীলনে ছিলেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। শুক্রবার (২৮ আগস্ট) অনুশীলনে ফিরলেও সতীর্থদের সঙ্গে নয়, ফিটনেস কোচের অধীনে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন তিনি।

ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে আতলেতিকোর ম্যাচে আলভারেজকে পাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ দিয়েগো সিমিওনে।

শুক্রবার সংবাদ সম্মেলনে আলভারেজের বিষয়ে সিমিওনে বলেন, ‘অবশ্যই, সে আগামীকাল থাকবে না।’

তবে আলভারেজের অনুপস্থিতি নিয়ে আতলেতিকো কোচের অবস্থান পরিষ্কার। দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তাঁকে আগের মতোই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সিমিওনে।

তিনি বলেন, ‘খেলার দিক থেকে আমার অবস্থান একই আছে। সে যেন সর্বোচ্চভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকতে পারে, সেটাই নিশ্চিত করতে চাই। আর এই মুহূর্তে আমার মনোযোগ সেভিয়া ম্যাচে।’

আলভারেজ আবার দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরলে তাকে আগের মতোই স্বাগত জানানো হবে বলেও জানিয়েছেন সিমিওনে। তার ভাষায়, ‘হুলিয়ান যখন আমাদের সঙ্গে অনুশীলনে ফিরবে, তখন আমরা সবসময় যা দিয়ে এসেছি, সেটাই তাকে দেব, যাতে সে বুঝতে পারে সে গুরুত্বপূর্ণ। কারণ সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ।’

এর মধ্যে আলভারেজকে ঘিরে দলবদলের আলোচনা অবশ্য থামেনি। বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু আতলেতিকো মাদ্রিদ স্পষ্ট জানিয়েছে, তাকে বার্সেলোনার কাছে বিক্রি করবে না ক্লাবটি।


আতলেতিকোর সঙ্গে আলভারেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। তাকে বিক্রি করতে হলে ১৫ কোটি ইউরো পাওয়ার প্রত্যাশা করছে স্প্যানিশ ক্লাবটি।

দলবদলের বাজারে বার্সেলোনার পাশাপাশি অন্য ক্লাবের নামও আলোচনায় রয়েছে। ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আর্সেনাল আলভারেজকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে। তবে লন্ডনের ক্লাবে যাওয়ার বিষয়ে খেলোয়াড়ের সম্মতি থাকলেই সেই সম্ভাবনা বাস্তব রূপ নেবে।

আলভারেজকে ধরে রাখার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন। তার মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবেই রেখে দিতে চায় আতলেতিকো।

তবে আলভারেজ যদি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে বিকল্প খোঁজার কথাও জানিয়েছেন তিনি। সেই বিকল্প হিসেবে বার্সেলোনাকে বিবেচনা করা হবে না বলেও স্পষ্ট করেছেন আতলেতিকোর প্রধান নির্বাহী।

গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। ফলে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। আতলেতিকোয় থেকে যাওয়া নাকি অন্য কোনো ক্লাবে পাড়ি দেওয়া, শিগগিরই সেই সিদ্ধান্ত পরিষ্কার হতে পারে।


সময়ের আলো/টিকে


  বিষয়:   তিন দিন পর আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: