ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অস্ত্র রাখার একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। হামলার পর গুদামটিতে ব্যাপক বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, কিয়েভের পশ্চিম উপকণ্ঠের কাছে বুচা জেলায় গুদামটিতে হামলার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ ও অন্যান্য জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কর্মকর্তারা জানান, কিয়েভের পশ্চিম উপকণ্ঠের কাছে মাইলা এলাকায় ওই গুদামটি অবস্থিত। রুশ ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত আশপাশের বাড়িঘর ও একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে।
হামলায় অন্তত ৫০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাস্থল থেকে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।
ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, গুদামটিতে ‘বিস্ফোরক সামগ্রী’ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। সেখানে বিস্ফোরক সামগ্রী সংরক্ষণ আইনসম্মত ছিল কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলার পর সেখানে বিস্ফোরণ ঘটে। তিনি জানান, এ ঘটনায় ফৌজদারি তদন্ত করা হবে। আবাসিক এলাকার কাছে গোলাবারুদ সংরক্ষণ নিষিদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেতস্কি বলেন, জুলাইয়ে কিয়েভের কাছে ভিশনেভে একটি গোলাবারুদের গুদামে প্রাণঘাতী হামলার পরও একই ধরনের ভুলের পুনরাবৃত্তি ঘটেছে। তার ভাষায়, পূর্ণমাত্রার যুদ্ধের পঞ্চম বছরে একই ভুল বারবার করা ‘অপরাধমূলক অবহেলা’।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাশিয়া দেশটির বিভিন্ন এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ও ২৬৭টি ড্রোন নিক্ষেপ করেছে।
গুদামে হামলার পাশাপাশি শনিবার ভোরে কিয়েভে রুশ হামলায় দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। রাজধানীর উপকণ্ঠে নিহত হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীও।
অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপলেও ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে।
সময়ের আলো/কেএইচ