বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্ত মো. বশির উদ্দিনের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করেন।
অভিযুক্ত বশির সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকার নয়া মিয়া হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বশির ওই নারীর বাড়িতে গিয়ে বাঁশ কেনার কথা বলেন। বাঁশ বিক্রির কথা জানালে তিনি কিছুক্ষণ কথা বলে পাশের একটি বাড়িতে যান। পরে আবার ওই নারীর বাড়িতে ফিরে এসে বারান্দায় বসেন এবং বাঁশ কাটার জন্য একটি দা চান। ওই নারী দা এনে দিলে সেটি দিয়ে বাঁশ কাটা যাবে না বলে জানান বশির। এরপর ঘরে থাকা ওই নারীর নাতিকে পাশের বাড়ি থেকে আরেকটি দা আনতে পাঠান তিনি। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বশির ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করেন। তার চিৎকার শুনে প্রতিবেশী এক নারী ছুটে এলে বশির ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন।
পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করেন। তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বশিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বশির উদ্দিনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/কেএইচ