টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্লোরিডার ক্লাবটি। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচে চার গোল করেছেন লিওনেল মেসি, সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও।
মায়ামির সাম্প্রতিক সময়টা ছিল হতাশার। আগের পাঁচ ম্যাচে চারটিতে হারের পাশাপাশি একটি ম্যাচে ড্র করেছিল তারা। সেই খরা কাটাতে মন্ট্রিলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দলটি।
নু স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্য স্বাগতিক মন্ট্রিলই কিছুটা চাপ তৈরি করে। একাধিক সুযোগও পায় তারা। এর মধ্যে দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২০ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শক্তিশালী হেডে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো।
মায়ামির লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিলকে সমতায় ফেরান। তবে দুই মিনিট পরই মেসির দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় মায়ামি। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মায়ামি। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি। এরপর ৭৯ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন লুইস সুয়ারেজ।
এর চার মিনিট পরই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। তাতেও থামেনি মায়ামির গোল উৎসব। ৮৯ মিনিটে আলেক্সান্দার শো দলের ষষ্ঠ গোল করেন।
শেষ মুহূর্তেও গোলের ক্ষুধা মেটেনি মেসির। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
সময়ের আলো/কেএইচ