বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য সংশোধন এবং পুনরায় আবেদনের জন্য নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বদলি প্রত্যাশী শিক্ষকরা নিজ জেলা, স্বামী বা স্ত্রীর জেলা, কর্মস্থল এবং মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্যের ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন। সম্প্রতি মাউশির মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জারি করা ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী, টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি সফটওয়্যারের মাধ্যমে এই বদলি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব এমপিওভুক্ত শিক্ষক নির্ধারিত ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে গত ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বদলির আবেদন করেছিলেন।
মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনে থাকা তথ্যের ত্রুটি সংশোধন, যাচাই এবং অনুমোদনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের জন্য পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
স্কুল পর্যায়
প্রতিষ্ঠান প্রধানদের আগামী ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের তথ্য ইনপুট, যাচাই ও অনুমোদন করতে হবে। এরপর ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসাররা তা যাচাই ও অনুমোদন করবেন।
কলেজ পর্যায়
প্রতিষ্ঠান প্রধানদের ৬ ও ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করতে হবে। এরপর ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে আঞ্চলিক উপপরিচালক (কলেজ) ও আঞ্চলিক পরিচালকরা তথ্য যাচাই ও অনুমোদন করবেন।
পুনরায় আবেদনের সুযোগ
অনুমোদন প্রক্রিয়া শেষে যেসব শিক্ষক তাদের আবেদনের তথ্য সংশোধন করবেন, তারা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে বদলির আবেদন করতে পারবেন। তবে যেসব শিক্ষক আগের ধাপে সঠিক তথ্য দিয়ে সফলভাবে আবেদন সম্পন্ন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
সময়ের আলো/জোই