নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ছয় বছরের এক শিশুকে তিন দিন পর জীবিত

2026-08-30T12:07:58+00:00
2026-08-30T12:07:58+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ছয় বছরের এক শিশুকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিমুরে গ্রামে এই অলৌকিক উদ্ধার অভিযান চালায় দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী।

ভোটে কোশি নদীর পানি উপচে সম্প্রতি তিমুরেসহ রাসুয়া জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার পর নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর সময় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান।

শব্দের উৎস অনুসরণ করে দ্রুত খনন শুরু করেন উদ্ধারকর্মীরা। একপর্যায়ে কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের শিশুটিকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন তাঁরা।

উদ্ধারের পর শিশুটিকে তিমুরেতে সশস্ত্র পুলিশ বাহিনীর সীমান্ত চৌকিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হেলিকপ্টারে কাঠমান্ডু নেওয়ার চেষ্টা করা হলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি। এরপর শনিবার দুপুর পর্যন্ত উদ্ধারকারীরা শিশুটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের প্রশংসা করছেন অনেকে। অনেকে শিশুটির পরিবারের সন্ধান করে তাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে শিশুটির নাম মানিশা মাগার বলে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ তার পরিবার ও স্বজনদের খুঁজছে। কেউ তাকে চিনলে বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ভয়াবহ বন্যায় নেপালের ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, পুনর্গঠন ও পুনর্বাসনে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।

নেপালে এখন পর্যন্ত বন্যায় ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ। এর মধ্যেই তিন দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার করেছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: