‘থ্রি ইডিয়টস’ নির্মাণের সময় সোনম ওয়াংচুককে চিনতেন না— আমির খানের এমন দাবির জবাবে অভিনেতাকে রসিকতা করে খোঁচা দিয়েছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। ইউটিউবার প্রাখর গুপ্তের পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমির হয়তো ‘গজনি’ চরিত্রে এতটাই ডুবে ছিলেন যে তাদের সাক্ষাতের কথা ভুলে গেছেন।
সোনম বলেন, ‘সেই সময় তিনি বলেছিলেন, আমাদের তো দেখাই হয়নি। পরে কিছু ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায়, তিনি গজনির পোশাকে আমার একটি বক্তব্য শুনছেন। হয়তো গজনির চরিত্রে এতটাই ডুবে ছিলেন যে স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ হয়েছিল এবং ১৫ সেকেন্ডের মধ্যেই সব ভুলে গিয়েছিলেন।’
সোনমের দাবি, আমিরের সঙ্গে তার শুধু আনুষ্ঠানিক পরিচয় হয়নি, বরং তাদের দীর্ঘ সময় কথা হয়েছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে ধারণা ও মতামতও বিনিময় হয়েছিল।
তিনি বলেন, ‘আমরা শুনেছি, অভিনেতারা তাদের চরিত্রের মধ্যে পুরোপুরি ঢুকে যান। হয়তো তিনি গজনি চরিত্রে এতটাই ঢুকে গিয়েছিলেন যে আমি যে অনুষ্ঠানে পুরস্কার নিচ্ছিলাম, সেখানে এসেও সেটি ভুলে গেছেন। নইলে আমাদের অনেক বিস্তারিতভাবে দেখা হয়েছিল এবং অনেক ধারণা নিয়ে আলোচনা হয়েছিল।’
২০০৮ সালের ‘গজনি’ সিনেমায় আমির খান সঞ্জয় সিংহানিয়ার চরিত্রে অভিনয় করেন। ওই চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বল্পমেয়াদি স্মৃতিশক্তি হারানো। সোনম এই বিষয়টিকেই রসিকতার সঙ্গে আমিরের বক্তব্যের সঙ্গে মিলিয়েছেন।
এর আগে আমির খান ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ফুনসুক ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত— এমন ধারণাকে ভুল বলে দাবি করেছিলেন। তার ভাষ্য ছিল, সিনেমাটি নির্মাণের সময় তিনি সোনম সম্পর্কে জানতেন না। এমনকি পরিচালক রাজকুমার হিরানি ও চিত্রনাট্যকার অভিজাত যোশিও তখন সোনমকে চিনতেন না বলে জানিয়েছিলেন আমির।
তবে সোনমের বক্তব্য, তাদের সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে আমির কিছু ধারণা পেয়ে থাকতে পারেন, যা পরে তিনি নিজের মতো করে সিনেমায় ব্যবহার করেছেন।
তিনি বলেন, ‘তিনি যদি এভাবেই কিছু ধারণা সিনেমায় ব্যবহার করে থাকেন, তাহলে তার সহলেখক বা পরিচালক হয়তো জানতেন না যে তিনি আমার সঙ্গে দেখা করে ও আলোচনা করে এসব ধারণা পেয়েছেন। এতে আমার কিছু যায় আসে না। বিষয়টি ছেড়ে দিন।’
তবে ‘থ্রি ইডিয়টস’কে নিজের জীবনের সরাসরি চিত্রায়ণ বা জীবনী হিসেবে দেখেন না সোনম। তার মতে, তাদের আলোচনার কিছু ধারণা সিনেমার চরিত্র বা গল্প নির্মাণে প্রভাব ফেলতে পারে— এটুকুই।
সময়ের আলো/কেএইচ