জাতীয় মানবাধিকার কমিশন বিল-২০২৬ পাসের প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল কোনোভাবেই সম্পৃক্ত থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান। একই দাবির অংশ হিসেবে প্রস্তাবিত বিলটি নিয়ে আয়োজিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকও বর্জন করেছে দলটি। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টায় কমিটির বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ড. নাজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার আইন সংস্কারের যে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান বিলে তার প্রতিফলন ঘটেনি। মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মানের ও শক্তিশালী করার বদলে প্রস্তাবিত খসড়া আইনে সংস্থাটিকে আরও দুর্বল করার ব্যবস্থা রাখা হয়েছে, যা আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনের নীতিমালার পরিপন্থি।
তিনি আরও অভিযোগ করেন, বিলটি সংসদে তোলার আগে সংসদীয় স্থায়ী কমিটির কাজের পরিধি সীমিত করা হয়েছে এবং মাত্র দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এতে করে কমিটির সদস্যদের আইনটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা ও স্বাধীন মতামত দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
প্রস্তাবিত এই খসড়া বিলটিকে অত্যন্ত বিতর্কিত হিসেবে উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করেন যে, এটি কার্যকর হলে সাধারণ জনগণের মানবাধিকার ও মৌলিক নিরাপত্তা মারাত্মকভাবে লঙ্ঘিত হবে। স্বাধীনভাবে পর্যবেক্ষণ দেওয়ার সুযোগ না থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিরোধী দল সম্পূর্ণ প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
সময়ের আলো/জেডি