স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ লক্ষ্যে দেশি-বিদেশি গবেষকদের পরামর্শ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে ডেঙ্গু বিষয়ক বিশেষ টাস্কফোর্সের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় মশা নিধনের স্প্রে নিয়ে গবেষণা চলছে। প্রতিরোধমূলক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে চায় সরকার। সীমিত সম্পদের মধ্যেই সরকার কাজ করছে। সব প্রয়োজন হয়ত পূরণ করা সম্ভব হচ্ছে না, তবে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবার যেন মশা ও লার্ভার বিস্তার বাড়তে না পারে, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।’
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই সচেতন হলে এবং সঠিক ওষুধ প্রয়োগ হলে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আশা করছি।’
মন্ত্রী জানান, নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের হার কমিয়ে আনতে ঢাকার ২ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকার ২ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ডেঙ্গু নিয়ে অনেক অভিযোগ থাকলেও গতবারের তুলনায় এবার রোগীর সংখ্যা প্রায় অর্ধেক। ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রোগ্রাম, সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্প্রে করার মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে।’
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় আড়াই হাজার রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, এবার সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে পিরোজপুরে। সেখানে সুপারি ও নারকেল গাছ কাটার পর গাছের গোড়ায় পানি জমে মশার উৎপত্তি হচ্ছে।
মীর শাহে আলম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি না করে উন্নয়নকাজ শুষ্ক মৌসুমে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে জলাবদ্ধতা ও মশার প্রজননস্থল তৈরির ঝুঁকি কমবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন থাকার আহ্বান জানান।
সময়ের আলো/মহু