দেশের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের গল্প নিয়ে আন্তর্জাতিক দর্শকের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মাশা ইসলাম। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম ডিডব্লিউ ট্রাভেলের একটি বিশেষ সিরিজে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি।
বাংলাদেশের নানা প্রান্ত ঘুরে তৈরি করা এই সিরিজে মাশার সঙ্গে ছিলেন ডয়চে ভেলের সাংবাদিক এমা ক্রেমার। ডিডব্লিউ ট্রাভেলের ফেসবুক পেজে প্রকাশিত হয় সিরিজটির ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাতে দেখা যায় মাশাকে। ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকে মাশার সাবলীল উপস্থাপনা ও প্রাণবন্ত উপস্থিতির প্রশংসাও করেছেন।
গত ২৭ আগস্ট প্রকাশিত ভিডিওটি ছিল মূল আয়োজনের টিজার। পুরো সিরিজে বাংলাদেশের বৈচিত্র্যময় ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রার গল্প তুলে ধরা হবে ১০টি আলাদা পর্বে। ডিডব্লিউ ট্রাভেল ও ডিডব্লিউ বাংলার জন্য নির্মিত এই সিরিজটি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই উপস্থাপনা করেছেন মাশা।
মাশা বলেন, বাংলাদেশজুড়ে একটি ভ্রমণভিত্তিক সিরিজ নির্মাণ ও উপস্থাপনার পরিকল্পনা থেকেই ডিডব্লিউর সঙ্গে তার যোগাযোগ। এ প্রসঙ্গে তিনি বলেন, যতদূর তিনি জানেন, কোনো বাংলাদেশি ইনফ্লুয়েন্সার ও শিল্পীর সঙ্গে ডয়চে ভেলের এটি প্রথম এ ধরনের কাজ।
ভ্রমণ অবশ্য মাশার জন্য নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে চোখ রাখলেই দেশের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরির ছবি দেখা যায়। কখনো পাহাড়, কখনো সমুদ্র, আবার কখনো প্রকৃতির মাঝে বসে গান গেয়ে ভিডিও প্রকাশ করেছেন তিনি। ফলে ভ্রমণভিত্তিক এই কাজের সঙ্গে তার ব্যক্তিগত আগ্রহেরও যেন দারুণ মিল হয়েছে।
ডিডব্লিউর এই প্রকল্পে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন মাশা ও এমা। ঢাকার আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা থেকে শুরু করে সিলেট, শ্রীমঙ্গল ও কক্সবাজার—বিভিন্ন এলাকার ইতিহাস ও সংস্কৃতিকে কাছ থেকে দেখেছেন তারা। মাশার ভাষায়, পুরো যাত্রাটিই ছিল রোমাঞ্চকর এবং জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।
তবে গানই এখনো মাশার মূল পরিচয়। ২০১৫ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গান কাভার করে পরিচিতি পান তিনি। ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে ধীরে ধীরে বড় দর্শকগোষ্ঠী তৈরি হয় তার। সেই সূত্রেই নজরে আসেন সংগীতাঙ্গনের মানুষের। এরপর নিয়মিত প্লেব্যাকেও কাজ শুরু করেন। ‘টেকা পাখি’, ‘একটুখানি মন’ ও ‘যেতে যেতে’র মতো গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
সময়ের আলো/জেডআই