রংপুরে আলোচিত চার খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।
এ সময় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালতের অনুমতি পাওয়ার পর নিরাপত্তার কারণে আসামিদের কারাগার থেকে বাইরে না এনে সেখানেই ডোপ টেস্টের নমুনা নেওয়া হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।
সময়ের আলো/আতা