সাগর-রুনি হত্যা তদন্তে নাটকীয় মোড় : জিয়াউল-রোকেয়া প্রাচীর যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্রের সন্ধান পেয়েছে তদন্তকারীরা। একটি গুমের মামলার তদন্ত করতে

2026-08-30T23:02:51+00:00
2026-08-30T23:11:21+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
জাতীয়
সাগর-রুনি হত্যা তদন্তে নাটকীয় মোড় : জিয়াউল-রোকেয়া প্রাচীর যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ১১:১১ পিএম
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন সূত্র । ছবি : সংগৃহীত
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্রের সন্ধান পেয়েছে তদন্তকারীরা। একটি গুমের মামলার তদন্ত করতে গিয়ে পাওয়া কল ডিটেইল রেকর্ডের সূত্র ধরে সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি গুমের মামলার তদন্তের সময় একটি মুঠোফোনের কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করেন তদন্তকারীরা। সেখান থেকে এক সেনা সার্জেন্টের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে ওই সার্জেন্টকে নজরদারিতে নেওয়া ও জিজ্ঞাসাবাদ করা হলে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে নতুন কিছু তথ্য সামনে আসে।

তদন্তকারীদের দাবি, সাংবাদিক দম্পতি হত্যার দুই দিন আগে, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি, তৎকালীন মেজর জিয়াউল আহসান ওই সার্জেন্টকে ডেকে পাঠিয়েছিলেন। তাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছিল, ‘আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে।’

সেদিনই ওই সার্জেন্টকে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। পরে তিনি নির্দেশ অনুযায়ী দুটি ডিস্ক সংগ্রহ করেন। তদন্তকারীরা এখন ওই ডিস্কগুলোর সঙ্গে সাগর-রুনি হত্যার কোনো যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন। একই সঙ্গে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর নিয়মিত যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে।

সাগর-রুনি হত্যার পর তাদের দুটি ল্যাপটপ ও সাগরের মুঠোফোন নিখোঁজ হয়ে যায়। তবে রুনির মুঠোফোন এবং বাসায় থাকা উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার অক্ষত ছিল। এসব বিষয়ও নতুন করে পর্যালোচনা করছেন তদন্তকারীরা।

রোববার এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, অন্য একটি মামলার তদন্তে কল ডিটেইল রেকর্ড পর্যালোচনা করতে গিয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে একজন ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ যোগাযোগের সম্ভাব্য তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, পাওয়া তথ্যগুলো নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। সাগর-রুনি হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন এবং ট্রাইব্যুনালের তদন্তে পাওয়া নির্ভরযোগ্য তথ্য পিবিআইকে দেওয়া হবে।

তবে প্রসিকিউশন জানিয়েছে, সাগর-রুনি হত্যাকাণ্ড একটি পৃথক হত্যা মামলা। তাই এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত নয়। মামলার বিচার হলে তা দেশের প্রচলিত ফৌজদারি আইনে সংশ্লিষ্ট দায়রা আদালতেই হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের সংবাদ সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। পরে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে তা র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স ও পিবিআই মামলাটির তদন্ত করছে।

হত্যাকাণ্ডের ১৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা। গত ২৭ আগস্ট আদালত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯তমবারের মতো বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করেছেন।

নতুন সূত্র সামনে আসায় দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আবারও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তবে জিয়াউল আহসান বা রোকেয়া প্রাচীর বিরুদ্ধে এসব তথ্যের ভিত্তিতে কোনো অপরাধ প্রমাণিত হয়েছে, এমন দাবি এখনো করা হয়নি। তদন্তকারীরা তাদের সম্ভাব্য যোগাযোগ ও পাওয়া তথ্যের সত্যতা যাচাই করছেন।

সূত্র : ডেইলি ওয়াদা

সময়ের আলো/টিকে


  বিষয়:   সাগর-রুনি হত্যা তদন্তে নতুন সূত্র  জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: