লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

এ বছর বিপিএল মাঠে না গড়ানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। তবে টুর্নামেন্ট না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে সামাল দেওয়া যায়,

2026-08-31T04:04:11+00:00
2026-08-31T04:04:11+00:00
 
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
খেলা
লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:০৪ এএম 
ছবি : সংগৃহীত
এ বছর বিপিএল মাঠে না গড়ানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। তবে টুর্নামেন্ট না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে সামাল দেওয়া যায়, সেই প্রশ্ন এখন সামনে। আর সেই সমাধান খুঁজতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসেছেন ক্রিকেটাররা। 

শনিবার (২৯ আগস্ট) ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকের পর রোববার (৩০ আগস্ট) ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠক শেষে বোর্ডের পরিকল্পনায় আপাতত সন্তুষ্টির কথাই জানিয়েছেন ক্রিকেটারদের প্রতিনিধি নাসির হোসেন।

বিপিএলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করেছে বিসিবি। গত দুই আসরের নানা সমস্যা ও আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এর বদলে বিপিএলের নির্ধারিত সময়ে ক্রিকেটারদের জন্য অন্য কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না সেটি নিয়ে ভাবছে বিসিবি। 

সেই পরিকল্পনা নিয়েই রোববার দুপুরে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেটাররা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসির হোসেন জানান, বিপিএল কেন হচ্ছে না, সে বিষয়ে বোর্ড তাদের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি ক্রিকেটারদের জন্য বিকল্প আয়োজনের কথাও জানানো হয়েছে।

নাসির বলেন, ‘এই ক্রিকেট বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন আয়োজিত হচ্ছে না তা নিয়েই আলোচনা হয়েছে। বোর্ড সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন বিপিএল হচ্ছে না। 

বিপিএলের জায়গায় (সময়) কী করলে খেলোয়াড়দের জন্য ভালো হয়...। বিসিবির সঙ্গে বসে বুঝেছি, এবার বিপিএল হচ্ছে না। আমাদের ভিন্ন টুর্নামেন্টের কথা জানিয়েছে। তবে কোন টুর্নামেন্ট হবে, সেটা আমরা পরবর্তী মিটিংয়ে বুঝতে পারব।’ বিপিএল না হলেও বোর্ড যে ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি স্বার্থের কথা ভাবছে, বৈঠকের আলোচনায় সেটিরই প্রতিফলন দেখেছেন নাসির। 

তার মতে, প্রস্তাবিত পরিকল্পনা খুব একটা খারাপ নয়, ‘যে প্রস্তাবের কথা বলা হয়েছে সেটা খারাপ হবে না। ক্রিকেট বোর্ড কিছু বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে। যতটুকু বুঝলাম, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য চিন্তা করেছে। ৫ থেকে ১০ বছর পর আমরা খেলোয়াড়রা কোথায় থাকব, সেটা নিয়েই বেশি ফোকাস করা হয়েছে। যে প্রস্তাবটা আমরা পেয়েছি বা শুনেছি, আমার মনে হয় না এটা খুব একটা খারাপ হবে।’ তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। 

বোর্ড ও ক্রিকেটার দুইপক্ষ থেকেই কিছু প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে পরবর্তী বৈঠকে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন নাসির, ‘তারা (বিসিবি) আমাদের কিছু প্রস্তাব দিয়েছে, আমাদের দিক থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আবার পরবর্তীতে বসব এবং এটা নিয়ে আলোচনা করব।’


বিপিএল ক্রিকেটারদের জন্য শুধু প্রতিযোগিতার মঞ্চ নয়, বড় একটি আয়ের উৎসও। ফলে টুর্নামেন্ট না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টিও আলোচনায় এসেছে। বিসিবির সঙ্গে সেই ক্ষতি কীভাবে কমানো যায়, সেটি নিয়েও কথা হয়েছে বলে জানান নাসির, ‘দেখুন, বিপিএল না হলে খেলোয়াড়রা আর্থিকভাবে সমস্যায় পড়ে যাবে। এটার জন্য ক্রিকেট বোর্ডে কী করতে পারে, আমরা এসব নিয়ে আলোচনা করেছি।’ 

এর আগে শনিবার বিপিএলের গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন তামিম। সেখানেও উঠে এসেছিল বিপিএলের বর্তমান কাঠামো, আর্থিক সংকট ও নতুন মডেলের প্রয়োজনীয়তা।

এবার ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করে সেই সংস্কারের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে চাইছে বিসিবি। বিপিএল আপাতত না হলেও ক্রিকেটারদের জন্য বিকল্প টুর্নামেন্ট আয়োজনের যে ভাবনা এসেছে, সেটিই এখন আলোচনার কেন্দ্রে। তবে কী ধরনের টুর্নামেন্ট হবে, ক্রিকেটাররা কীভাবে সেখানে অংশ নেবেন এবং আর্থিকভাবে তারা কতটা উপকৃত হবেন, সেসব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী বৈঠকগুলোতে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   লোকসান  বিকল্প পথ  বিসিবি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: