দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকালে ১০টা থেকে সারা দেশে এই দর কার্যকর হয়েছে।
নতুন দামের তালিকায় প্রতি ভরি ২২ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা সনাতন পদ্ধতি ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ওজন ভেদে ন্যূনতম মজুরি যুক্ত হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য বহাল থাকবে।
সময়ের আলো/জোই