প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ আয়োজন, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে কথা হয়।
এসময় মালয়েশিয়ার হাইকমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য আত্মত্যাগ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের এই বন্ধুত্ব আগামী দিনে আরও সুদৃঢ় হবে।’
সময়ের আলো/মহু