হাজার কোটি টাকা ঋণখেলাপিদের ১৫ বছরের সময় দিল বাংলাদেশ ব্যাংক

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে যারা বড় অঙ্কের ঋণে জর্জরিত তাদের জন্য নতুন করে বড় নীতি সহায়তা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

2026-08-31T22:50:20+00:00
2026-08-31T22:50:31+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
হাজার কোটি টাকা ঋণখেলাপিদের ১৫ বছরের সময় দিল বাংলাদেশ ব্যাংক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৫০ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১০:৫০ পিএম
সংগৃহীত ছবি
ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে যারা বড় অঙ্কের ঋণে জর্জরিত তাদের জন্য নতুন করে বড় নীতি সহায়তা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। একক প্রতিষ্ঠান বা কোনো গ্রুপের ঋণের পরিমাণ ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর পর্যন্ত ঋণ বিশেষ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রে বিদ্যমান নির্ধারিত মেয়াদের বাইরে আরও সর্বোচ্চ চার বছর অতিরিক্ত সময় পাওয়া যাবে।

নতুন এ সুবিধা পেতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা যাবে। আর প্রয়োজনীয় ডাউনপেমেন্ট গ্রহণের পর এসব আবেদন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি) এ বিষয়ে সার্কুলার লেটার নং-৩০ জারি করেছে। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে আরও জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে আগে দেওয়া নীতি সহায়তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এর আওতায় নীতি সহায়তা পাওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা যাবে। শুধু নতুন আবেদনকারী নয়, যেসব ঋণগ্রহীতা আগে ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে গঠিত নীতি সহায়তা–সংক্রান্ত বাছাই কমিটির মাধ্যমে সুবিধা নিয়েছেন, তারাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

তবে নতুন সার্কুলারে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে বড় ঋণগ্রহীতাদের। কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপের নীতি সহায়তার আওতায় বিশেষ পুনঃতফসিল বা পুনর্গঠনের জন্য আবেদন করা ঋণের স্থিতি ১ হাজার কোটি টাকা বা তার বেশি হলে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নিতে পারবে ব্যাংক।


এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর পর্যন্ত ঋণ পুনঃতফসিল করা যাবে। অর্থাৎ বড় ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলো কিস্তি পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ দুই বছর সময় পাওয়ার পাশাপাশি দীর্ঘ ১৫ বছরে ঋণ পরিশোধের সুযোগ পাবে।

বিশেষ পুনর্গঠনের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বাড়তি ছাড়। বিআরপিডি সার্কুলার নং-১৬/২০২২-এ নির্ধারিত মেয়াদের বাইরে আরও সর্বোচ্চ চার বছর সময় দিয়ে ঋণ পুনর্গঠন করা যাবে।

তবে এ বিশেষ সুবিধা সবার জন্য নয়। একক প্রতিষ্ঠান বা গ্রুপের আবেদন করা ঋণের পরিমাণ ১ হাজার কোটি টাকার কম হলে বিশেষ পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫-এ নির্ধারিত মেয়াদই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, যেসব ঋণগ্রহীতা ইতোমধ্যে বিআরপিডি সার্কুলার নং-০৭/২০২৫ অথবা নীতি সহায়তা–সংক্রান্ত বাছাই কমিটির আওতায় সুবিধা পেয়েছেন, তারাও নতুন নির্দেশনায় বর্ণিত বাড়তি সুবিধা গ্রহণ করতে পারবেন।

তবে আগে নেওয়া গ্রেস পিরিয়ডের সময় নতুন করে গণনা করা হবে না। ইতোমধ্যে যে সময় পার হয়েছে, সেটি নতুন নির্ধারিত গ্রেস পিরিয়ডের অংশ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজন অনুযায়ী বিধিবদ্ধ সীমার মধ্যে অতিরিক্ত সময়ও দেওয়া যাবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ঋণখেলাপি  সময়  বাংলাদেশ ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: