চিকেন আলু কাবাব
উপকরণ : বোনলেস চিকেন ৫০০ গ্রাম, আলু (সিদ্ধ) ৫০০ গ্রাম, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ ও মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ও ধনে গুঁড়া ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, ধনেপাতা কুচি ১/৪ কাপ, ডিম ১টি (কোট করার জন্য), কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ ও তেল স্বাদমতো।
প্রস্তুত প্রণালি : প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চিকেনে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনে ও লবণ দিয়ে ভালোভাবে মেখে ২০-৩০ মিনিট রেখে দিতে হবে। একটি প্যানে সামান্য তেল দিয়ে মেরিনেট করা চিকেন রান্না করে নিয়ে পানি শুকিয়ে এলে মিহি করে কুচি বা কিমার মতো করে নিতে হবে। তারপর সেদ্ধ আলু ভালোভাবে চটকে এর সঙ্গে রান্না করা চিকেন, গরম মসলা, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি ও কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মেখে সমান আকারের কাবাব তৈরি করে নিতে হবে। একটি বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে প্রতিটি কাবাব ডিমে হালকা করে ডুবিয়ে প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো দুই পাশ থেকে সোনালি ও মচমচে করে ভেজে নিতে হবে। এরপর তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করা যাবে।
গরুর চাপ কাবাব
উপকরণ : গরুর মাংস (হাড়সহ চাপের অংশ) ১ কেজি, পেঁয়াজ বাটা আধাকাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, কাঁচা পেঁপে বাটা ২ টেবিল চামচ (মাংস নরম করার জন্য), মরিচ গুঁড়া ১.৫ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ টেবিল চামচ, সরিষার তেল/সাধারণ তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি : চাপের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সব মসলা, দই, পেঁপে বাটা, লেবুর রস ও তেল দিয়ে মাংসে ভালোভাবে মাখিয়ে নিয়ে কমপক্ষে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটি প্যানে মেরিনেট করা মাংস নিয়ে অল্প পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাংস নরম হয়। এবার পানি শুকিয়ে এলে তেল ও ঘি দিয়ে ৫-১০ মিনিট ভেজে নিতে হবে। চাইলে কয়লার ধোঁয়া দিয়ে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেবার নিয়ে আসা যাবে।
হাঁড়িয়ালি কাবাব
উপকরণ : বোনলেস চিকেন ৫০০ গ্রাম, ধনেপাতা কুচি ১ কাপ, পুদিনাপাতা আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ছোট টুকরো করে নিতে হবে। এরপর ধনেপাতা, পুদিনাপাতা ও কাঁচামরিচ একসঙ্গে সামান্য পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে সবুজ পেস্ট তৈরি করতে হবে। এবার একটি পাত্রে চিকেনের সঙ্গে সবুজ পেস্ট, আদা-রসুন বাটা, টক দই, লেবুর রস, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা, গোলমরিচ গুঁড়া, লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। সবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে আবার মিশিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিতে হবে। সময় থাকলে ২-৩ ঘণ্টা মেরিনেট করলে স্বাদ আরও ভালো হবে। মেরিনেট করা চিকেন কাঠি বা স্কিউয়ারে গেঁথে নিতে হবে। একটি ননস্টিক প্যান বা গ্রিল প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো দিয়ে দিতে হবে। ধীরে ধীরে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় এবং বাইরে সুন্দর হালকা বাদামি রং আসে। চাইলে ওভেনেও কাবাব তৈরি করা যায়। এ ক্ষেত্রে প্রিহিট করা ওভেনে মাঝারি-উচ্চ তাপে কাবাবগুলো গ্রিল করে নেওয়া যেতে পারে। মাঝে একবার উল্টে সামান্য তেল ব্রাশ করে দিলে কাবাব হবে আরও জুসি ও সুস্বাদু।
সময়ের আলো/প্রিন্ট/টিকে