কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, বর্তমান প্রজন্মে রাজনীতির ধরন পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্ম রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে একটি আদর্শ হিসেবে বেছে নিচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক আদর্শ আর পেশা আলাদা হবে। ভবিষ্যতে হয়তো এমন সময়ও আসবে, যখন ভোটাররা কেন্দ্রে না গিয়ে অনলাইনে ভোট দেবেন। ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ের পরিক্রমায় বিএনপির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
কৃষি খাতের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রফতানিযোগ্য পণ্য। এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি এবং ভবিষ্যতেও যেন তা না লাগে, সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে। আগামী আড়াই বছরের মধ্যে আদা, পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচ আমদানি সম্পূর্ণ বন্ধ করা হবে।
এর আগে শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব। এছাড়া অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সময়ের আলো/জোই