রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ১১ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।
দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম জানান, এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামি সরদার মোশাররফ হোসেন অভিযোগ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন। গত ৭ জুলাই হাইকোর্ট তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করেন। উচ্চ আদালতে কোয়াশমেন্ট সংক্রান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দুদক গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২-এর একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন।
গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
সময়ের আলো/এমকে