বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর ঘিরে দুর্নীতির অভিযোগে ৩ জনকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযুক্ত ৩ জনই বিসিবির সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তি। তাদের বিরুদ্ধে আইসিসির অ্যান্টিকরাপশন কোডের একাধিক ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।
জানা গেছে, মুখলেসুর রহমানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং বা ম্যাচের কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা, অন্য ব্যক্তিকে দুর্নীতিতে সম্পৃক্ত করার চেষ্টা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন এবং তদন্তসংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, জাকির হোসেনের বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করার চেষ্টা, দুর্নীতিমূলক কর্মকাণ্ডে অন্যকে উৎসাহিত বা সহায়তা এবং বিসিবির দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে প্রকাশ না করা এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে। এরপর আইসিসির অ্যান্টিকরাপশন কোড অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।
সময়ের আলো/কেএইচও