ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে বগুড়ার সান্তাহার স্টেশন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় বুফেকারের এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ঘটনায় যুক্ত আরও দুজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাত সোয়া ৯টায় কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
গতকাল মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক এবং গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার জানান, সোমবার রাতে ৯৯৯ নম্বরে এক নারী কান্নাজড়িত কণ্ঠে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ফোন কল রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. কাইফ শাহ। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য্য কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
তিনি আরও জানান, ওই নারী (৪৪) ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশে ভুলবশত টিকেট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। একপর্যায়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সিরাজগঞ্জ যাবেন বলে তাদের জানান। পরে ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (২২) নাটোরের লালপুর থানার আব্দুলপুর এলাকার বাসিন্দা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটি জানার পর ৯৯৯ থেকে চলন্ত ট্রেনটির অবস্থান জেনে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। পরে ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশের একটি দল ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি