এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট হিসেবে মাসাতো কান্দা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। এডিবির বোর্ড অব গভর্র্ন্যাসের সদস্যরা সর্বসম্মতভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর থেকে তার দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর শুরু হবে।
গতকাল মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৭ নভেম্বর এডিবির ১১তম প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসাতো কান্দা। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন এবং তার পূর্বসূরি মাসাতসুগু আসাকাওয়ার মেয়াদের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করেন।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে মাসাতো কান্দা বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতি আগের সংকট থেকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন নতুন ধাক্কা আসছে। একই সময়ে কয়েক দশকের মধ্যে আন্তর্জাতিক ব্যবস্থা সবচেয়ে বড় চাপের মুখে পড়েছে।’
মাসাতো কান্দা বলেন, ‘এডিবিকে অবশ্যই এ অঞ্চলের স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করতে হবে। তবে স্থিতিশীলতার অর্থ স্থবির হয়ে থাকা নয়। সদস্য দেশগুলোর প্রয়োজন অনুযায়ী দ্রুত এবং বড় পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে মানুষকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
এডিবিতে যোগ দেওয়ার আগে মাসাতো কান্দা ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জাপানের অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিকবিষয়ক ভাইস মিনিস্টার ছিলেন।
তিনি জি-৭ ও জি-২০সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।
সময়ের আলো/প্রিন্ট/জেডি