প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে রুহুল কবির রিজভী ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সে সময়ে দেশি-বিদেশি চক্রান্তকারীরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। জাতীয় স্বাধীনতা রক্ষা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার পাশাপাশি কোনো বিদেশি প্রভুর তাঁবেদারি না করার অপরাধেই দেশপ্রেমিক এই নেতাকে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, একজন দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধার হাতে গড়া রাজনৈতিক দলকে কোনোভাবেই নিশ্চিহ্ন করা সম্ভব নয়। নানা দমন-পীড়ন ও ষড়যন্ত্র সত্ত্বেও যে নেত্রী জনগণের পাশে থেকেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাদের অধিকারের পক্ষে কথা বলেছেন, সেই আদর্শের দল ও শক্তিকে কখনোই ধ্বংস করা যাবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকসহ সব সূচকে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সময়ের আলো/জোই