দীর্ঘ প্রতীক্ষার পর দেশের অন্যতম দীর্ঘ উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমান সরকারের গত ছয় মাসের ত্বরান্বিত পদক্ষেপে এই মেগা প্রকল্পের কাজের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে বহুল এই উড়ালসড়কের একাংশ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, আশা করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হবে।
উদ্বোধনের পরপরই সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ দুটি দুই লেনের সার্ভিস সেতু চালুর ফলে উত্তর ও পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে এক যুগান্তকারী অধ্যায় শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ড. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ইয়ি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ।
প্রকল্প সূত্র জানায়, তুরাগ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ উন্মুক্ত রাখতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান পুরনো সড়কটি অপসারণ করা হয়েছে। এর ফলে সাধারণ পরিবহনগুলো কোনো রকম টোল ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস লেন ব্যবহার করে সহজে নদী পার হতে পারবে। দীর্ঘদিনের যানজট ও ধীরগতির পর এক্সপ্রেসওয়ের একাংশ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার আশুলিয়ার যানজট নিরসন এবং দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে একনেকে অনুমোদনের পর ২০২২ সালের ১২ নভেম্বর ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। বিভিন্ন জটিলতা পেরিয়ে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৮ লাখ টাকা। সংশোধিত নকশায় ড্রেনেজ ব্যবস্থা, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের সঙ্গে সংযোগ এবং বাইপাইলে তিন তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ট্রাম্পেট ইন্টারচেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সময়ের আলো/জোই