একটি গাছ থেকেই যদি খাবার, পানীয়, জ্বালানি, শিল্পসামগ্রী তৈরির উপকরণসহ নানা ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, তাহলে সেই গাছ কতটা গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। নারিকেল গাছ এমনই এক আশ্চর্য উদ্ভিদ। বিশ্বের বিভিন্ন উষ্ণ ও উপকূলীয় অঞ্চলে নারিকেল গাছ ‘ট্রি অব লাইফ’ বা ‘জীবনের গাছ’ নামে পরিচিত। নারিকেলের বহুমুখী ব্যবহারের কারণে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও নামটির উল্লেখ করেছে।
ছোবড়াও মূল্যবান
নারিকেলের বাইরের শক্ত আবরণের ভেতরের ছোবড়া থেকে পাওয়া যায় নারিকেলের আঁশ বা কয়ার। এই আঁশ দিয়ে দড়ি, মাদুর, ব্রাশ, ঝুড়ি, ব্যাগসহ নানা ধরনের গৃহস্থালি ও ব্যবহারিক সামগ্রী তৈরি করা হয়। ছোবড়ার গুঁড়াও কৃষি ও বাগানচর্চায় বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
নারিকেলের খোলও ফেলনা নয়
নারিকেলের শক্ত খোলও নানা কাজে ব্যবহার করা যায়। এটি সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং প্রক্রিয়াজাত করে কয়লাও তৈরি করা সম্ভব। আরও বিশেষ প্রক্রিয়ায় নারিকেলের খোল থেকে অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায়, যা বিভিন্ন ধরনের ফিল্টার ও শোষক উপাদানে ব্যবহৃত হয়।
পাতায় তৈরি হয় ঘর ও কারুশিল্প
ঐতিহ্যবাহী অনেক সমাজে নারিকেলের পাতা দিয়ে ঘরের ছাউনি, ঝুড়ি এবং বিভিন্ন ধরনের বোনা সামগ্রী তৈরি করা হয়। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন ও ঐতিহ্যবাহী কারুশিল্পে নারিকেল পাতার ব্যবহার দীর্ঘদিনের। সামোয়ার মতো অঞ্চলে নারিকেল গাছের প্রায় প্রতিটি অংশই মানুষের জীবনযাত্রার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত।
গাছের কাণ্ডও কাজে আসে
নারিকেল গাছের পুরনো কাণ্ড থেকেও কাঠ পাওয়া যায়। সেই কাঠ দিয়ে ঘরবাড়ির বিভিন্ন অংশ, আসবাবপত্র, নৌকা এবং অন্যান্য কাঠের সামগ্রী তৈরি করা সম্ভব। এফএও-এর তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপে নারিকেল গাছের কাঠ ঐতিহাসিকভাবেই নির্মাণকাজ ও নৌকা তৈরিতে ব্যবহৃত হয়ে এসেছে।
জীবিকারও উৎস
নারিকেলকে ‘ট্রি অব লাইফ’ বলার পেছনে এর অর্থনৈতিক গুরুত্বও বড় কারণ। বিশ্বের বিভিন্ন উষ্ণ অঞ্চলের অসংখ্য ছোট কৃষক ও পরিবার নারিকেল চাষের ওপর নির্ভরশীল। নারিকেল থেকে তেল, খাবার, পানীয়, আঁশসহ বিভিন্ন পণ্য তৈরি ও বিক্রির সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারিকেল একটি গুরুত্বপূর্ণ ফসল এবং এর তৈরি বিভিন্ন পণ্য বহু মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত।
এই বহুমুখী ব্যবহার এবং মানুষের জীবন ও জীবিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কই নারিকেল গাছকে ‘ট্রি অব লাইফ’, ‘ট্রি অব অ্যাবুডেন্স’ বা প্রাচুর্যের গাছ নামেও পরিচিত করেছে।
সময়ের আলো/মহু