শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ঢাকার ছয়টি রুটে ১৮টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ পরিবহনসেবার উদ্বোধন করা হয়।
রাজধানীর ব্যস্ত ও যানজটপূর্ণ সড়কে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। গণপরিবহনে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাহীনতার মতো সমস্যাও রয়েছে। এসব ভোগান্তি কমাতে নতুন এ বাসসেবা চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মইনুদ্দিন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি রুটে ১৮টি এসি বাস চলাচল করবে। রুটগুলো হলো ধানমন্ডি-ইউআইইউ-ধানমন্ডি, পলাশী-ইউআইইউ-পলাশী, মিরপুর-ইউআইইউ-মিরপুর, সাইনবোর্ড-ইউআইইউ-সাইনবোর্ড, যাত্রাবাড়ী-ইউআইইউ-যাত্রাবাড়ী এবং উত্তরা-ইউআইইউ-উত্তরা।
নতুন বাসসেবার মাধ্যমে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন। এতে প্রতিদিনের যাতায়াত আরো নিরাপদ ও আরামদায়ক হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ রাজা বলেন, ইউআইইউ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকেও গুরুত্ব দিয়ে আসছে। নতুন এসি বাসসেবা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
মইনুদ্দিন হাসান রশীদ বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক পরিবহন ব্যবস্থাও জরুরি। ইউআইইউ গ্রুপের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার পাশাপাশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। রাজধানীর তীব্র যানজট, গণপরিবহনের ভিড় ও দীর্ঘ যাতায়াতের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এসি বাসসেবা শিক্ষার্থীদের সময় ও নিরাপত্তা দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য এ পরিবহনসেবা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান উপাচার্য।
ইউআইইউর শিক্ষার্থী জান্নাতুন নাঈমা তানিশা বলেন, রাজধানীর যানজটের কারণে প্রতিদিন যাতায়াতে দীর্ঘ সময় ব্যয় করতে হয়। গণপরিবহন ব্যবহার করা নারী শিক্ষার্থীদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ বাড়ায় নির্ধারিত সময়ে ক্লাসে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা নিয়মিত যাতায়াতে শিক্ষার্থীদের স্বস্তি দেবে বলে তিনি মনে করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকেই শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরিবহনসেবা চালু রয়েছে। নতুন ১৮টি এসি বাস চালুর মাধ্যমে এ পরিবহনসেবা আরো সম্প্রসারিত হলো। ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে বিভিন্ন রুটে পরিবহনসেবা আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে।
সময়ের আলো/কেএইচও