জাতীয় সংসদের বৈঠকে শৃঙ্খলা বজায় রাখতে অধিবেশনকক্ষে সদস্যদের কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি সংরক্ষিত নারী আসনের বিএনপির এমপি নিপুণ রায় চৌধুরীকে লবিতে গিয়ে কথা বলার পরামর্শ দেন।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের বক্তব্য চলার সময় এ ঘটনা ঘটে। এ দিন বিধি ৭১-এ মোট ৬১টি নোটিশ পাওয়ার কথা জানান স্পিকার। এর মধ্যে তিনটি নোটিশ গ্রহণ করেন তিনি।
অন্য নোটিশদাতাদের মধ্য থেকে সদস্যদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। পুরো পর্বের জন্য সময় রাখা হয় ৩০ মিনিট।
সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের জন্য নির্ধারিত দুই মিনিট শেষ হওয়ার পর অধিবেশনকক্ষে কথা বলতে থাকা নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয় নাই। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’
এরপর অধিবেশনকক্ষে মোবাইল ফোন ব্যবহার না করার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’
সময়ের আলো/টিকে