ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবীব, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। জাতীয় ছাত্রশক্তির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন, আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি।
জাহিদ আহসান জানান, সাধারণ সভায় দীর্ঘ আলোচনা শেষে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল দলে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় থাকার কথাও জানিয়েছেন।
জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় সংগঠনটির প্রথম কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলের প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।
সময়ের আলো/টিকে