রংপুরে সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার আসামী জহিরন আক্তার জুঁইকে বেকসুর খালাস দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার ও বাদীপক্ষ। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায়ে রুবেল ওরফে হেকরমকে মৃত্যুদণ্ড এবং এলিন ও শুভ কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।
মামলার বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে সাংবাদিক উৎস রহমানকে হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করিয়েছিলেন জহিরন আক্তার জুঁই। তবে আদালত তাকে খালাস দেওয়ায় তারা সংক্ষুব্ধ।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় রংপুরের দৈনিক যুগের আলো কার্যালয়ে যান পত্রিকাটির স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে নগরের ধর্মদাস এলাকায় একটি গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় উৎসের মা নুরজাহান বেগম নুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
প্রায় ১১ বছর পর ১১ জনের সাক্ষ্য ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে বুধবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। তাদের অভিযোগ, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খালাস পাওয়ায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
সময়ের আলো/এমকে