গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা না হলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা করবে জামায়াত। তবে জনস্বার্থবিরোধী কোনো কাজ হলে তার বিরুদ্ধে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেওয়া হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, দেশের চলমান জনদুর্ভোগসহ বিভিন্ন বিষয় নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত আমির। তিনি বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে সংকট তৈরি হবে।
এ ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার কথাও তুলে ধরেছেন শফিকুর রহমান।
গোলাম পরওয়ার জানান, মতবিনিময় সভায় কয়েকজন সাংবাদিক পরামর্শ দিয়েছেন, জুলাই সনদ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন, তাদের গণভোটের রায় মেনে নেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো উচিত। তারা হয় রায় মেনে নেওয়ার কথা বলবেন, অথবা মেনে নেবেন না—এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেওয়া প্রয়োজন বলে পরামর্শ দেন তারা।
তিনি বলেন, জনজীবনের দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ বিভিন্ন বিষয়েও সভায় আলোচনা হয়েছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত ও জাতীয় ঐকমত্য গঠনে ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, সংবাদ পরিবেশন করা যেমন গণমাধ্যমের দায়িত্ব, তেমনি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে।
গোলাম পরওয়ার জানান, বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুযোগ-সুবিধা রয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় সেগুলো নেই। বেতন কাঠামো ও ওয়েজ বোর্ড না থাকা, কাঠামোগত অবস্থানের সংকট এবং নিরাপত্তার বিষয়ও তারা তুলে ধরেন।
এসব সমস্যা সমাধানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়গুলো সংশ্লিষ্টদের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। এ ক্ষেত্রে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আরও বলেন, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় জামায়াতের বর্তমান ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
জবাবে জামায়াত আমির আশ্বস্ত করেছেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের ও জনগণের স্বার্থে সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সরকারের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। তবে সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।
রাজপথের সব আন্দোলন ‘ননভায়োলেন্ট’ বা অহিংস রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন জামায়াত আমির।
সময়ের আলো/এসএকে