কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলার ডুবির ঘটনায় নিহতরা হলেন, মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।
স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সময়ের আলো/এসএকে