দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট নতুন বেতন কাঠামো অনুমোদন করে মন্ত্রিসভা।
নতুন পে-স্কেলে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি ১৪২ শতাংশ। বিপরীতে প্রথম গ্রেডে বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। বাড়ছে ১০০ শতাংশ। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে পুরো বর্ধিত মূল বেতন একসঙ্গে দেওয়া হবে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়ন করা হবে।
নতুন পে-স্কেলে একবারে পুরো বর্ধিত বেতন হাতে পাবেন না সরকারি চাকরিজীবীরা। ১০ম থেকে ২০তম গ্রেডে বেসিকের বাড়তি অংশের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ২৫ শতাংশ তৃতীয় ধাপে যোগ হবে।
আর প্রথম থেকে নবম গ্রেডে বাড়তি অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে, ৩০ শতাংশ দ্বিতীয় ধাপে এবং ৩০ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। যেমন-২০তম গ্রেডে বেসিক ৮ হাজার ২৫০ থেকে বেড়ে ২০ হাজার টাকা হচ্ছে। ফলে বাড়তি ১১ হাজার ৭৫০ টাকার অর্ধেক অর্থাৎ ৫ হাজার ৮৭৫ টাকা প্রথম ধাপে যোগ হয়ে বেসিক হবে ১৪ হাজার ১২৫ টাকা। দ্বিতীয় ধাপে আরও ২ হাজার ৯৩৭ টাকা ৫০ পয়সা যোগ হয়ে হবে ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা। তৃতীয় ধাপে একই পরিমাণ যোগ হয়ে বেসিক দাঁড়াবে ২০ হাজার টাকা।
বিপরীতে প্রথম গ্রেডে ৭৮ হাজার থেকে বেসিক হচ্ছে ১ লাখ ৫৬ হাজার টাকা। বাড়তি ৭৮ হাজার টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৩১ হাজার ২০০ টাকা প্রথম ধাপে যোগ হয়ে বেসিক হবে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা। দ্বিতীয় ধাপে আরও ২৩ হাজার ৪০০ টাকা যোগ হয়ে হবে ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং তৃতীয় ধাপে আরও ২৩ হাজার ৪০০ টাকা যোগ হয়ে চূড়ান্ত বেসিক দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা। আবার নবম গ্রেডে বর্তমান ২২ হাজার থেকে বেসিক হবে ৪৪ হাজার টাকা। তিন ধাপে তা দাঁড়াবে ৩০ হাজার ৮০০; ৩৭ হাজার ৪০০ ও ৪৪ হাজার টাকা।
চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেসিক তিন ধাপে বাড়লেও নতুন হারে বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা একসঙ্গে কার্যকর করার পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ে পুরো নতুন বেসিক কার্যকর হওয়ার পরও নতুন ভাতার পূর্ণ সুবিধা পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এতে চাকরিজীবীদের প্রকৃত মাসিক আয় বেসিকের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে।
সময়ের আলো/ইউএমএইচ