সাধারণত নিজের প্রশংসা করেন না লিওনেল মেসি। কেউ তাকে সর্বকালের সেরা বললেও, তিনি খুশি থাকেন ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়ে। তবে এবার আর কোনো রাখঢাক নয়, সরাসরি নিজেকে সর্বকালের সেরা বলেই দাবি করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেইড ভিডিও শেয়ার করেন মেসি। সেখানে দেখা যায়, মিশেলব আল্ট্রার একটি বিয়ার অর্ডার করার পর বিলের কাগজ বের হয়ে আসে। সেই কাগজে বিশ্বকাপে মেসির সব অর্জন লেখা ছিল। টুর্নামেন্টে যত রেকর্ড করেছেন, যেসব দলের বিপক্ষে গোল করেছেন—সবকিছুই লেখা ছিল। একেবারে শেষদিকে লেখা ছিল, সর্বকালের সেরার যে বিতর্ক, সেটার নিষ্পত্তি হয়েছে!
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সমালোচকদের উত্তরও ভিডিওতে দিয়েছেন মেসি। সেখানে লেখা ছিল, প্রতিপক্ষ সমর্থকদের চোখে জল এনেছেন অসংখ্যবার! অবসরের ঘটনার চেয়েও যেন বেশি আলোচনার জন্ম দিয়েছে এই ভিডিও।
অথচ এটি মূলত একটি প্রোমোশনাল ভিডিও! মেসিকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হওয়া আগ্রহ ও উন্মাদনাই যেন এই ভিডিওকে আলাদা মাত্রা দিয়েছে। এর আগেও ছাগলের সঙ্গে ফটোশুট করেছিলেন মেসি। সেটাও ছিল একটি পেইড প্রোমোশন!
সময়ের আলো/জেডআই