প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৭:৩৯ পিএম
কমলগঞ্জ উপজেলা ভূমি অফিস। ছবি : সময়ের আলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভূমি অফিসের সার্ভার থেকে পাঁচ মাস ধরে উধাও রয়েছে শমশেরনগর টি-গার্ডেন মৌজা। এতে খাজনা দেওয়া, জমি খারিজ ও ক্রয়-বিক্রয় করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন ভূমি মালিক ও ক্রেতারা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, এপ্রিল মাস থেকে কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভারে শমশেরনগর টি-গার্ডেন মৌজার কোনো তথ্য দেখা যাচ্ছে না। ফলে ওই সময় থেকে এ মৌজার খাজনা আদায়, খারিজ আবেদন ও দলিল রেজিস্ট্রি সব কার্যক্রম বন্ধ রয়েছে।
মুহুরি ও সার্ভেয়ার খালেদ আহমেদ বলেন, সার্ভারে মৌজা না দেখালে খাজনা নেওয়া ও তহশিলদারের খারিজ প্রতিবেদন দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে পাঁচ মাস ধরে এ মৌজার খারিজ শুনানিও বন্ধ আছে।
শমশেরনগর টি-গার্ডেন মৌজার ভূমি মালিক ও মৌলভীবাজার জজ আদালতের আইনজীবী মো. হাবিবুর রহমান বলেন, চার মাস আগে এ মৌজায় কিছু জমি বিক্রি করেছি। কিন্তু সার্ভারে মৌজা না থাকায় ক্রেতাকে খারিজ করে দিতে পারছি না। প্রতিদিন ভূমি অফিসে খোঁজ নিচ্ছি কবে সমস্যার সমাধান হবে। তিনি ছাড়াও ওই মৌজার অনেক ভূমি মালিক জমি বিক্রি বা নামজারি করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ করেন তারা।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ মাহমুদ বলেন, সার্ভারটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। স্থানীয়ভাবে আমাদের কিছু করার নেই। বিষয়টি জেলার মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য নিয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।
তবে, মন্ত্রণালয় কবে নাগাদ সার্ভার ঠিক করবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি তিনি।
এদিকে ভূমি মালিকরা দ্রুত এই কারিগরি ত্রুটির সমাধান করে তাদের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন।
সময়ের আলো/এনএন