আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষের অধিকার সুরক্ষায় পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব নির্দেশনা দেন।
সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর ও শিষ্টের পালনে ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশপ্রধানকে নির্দেশ দেন তিনি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতেও জোর দেন রাষ্ট্রপতি।
এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা এবং ব্যাপক প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এমকে