বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
দুদকের অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, ৪১টি তফসিলি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ওই অর্থ নেওয়া হয়। তবে ট্রাস্টটির সমাজসেবা অধিদফতর ও এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন ছিল না বলে জানিয়েছে দুদক।
দুদক জানায়, শেখ হাসিনা ট্রাস্টের আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালনের তথ্য রয়েছে। অন্যদিকে নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান হিসেবে প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংককে ট্রাস্টের অনুকূলে অর্থ দিতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
দুদকের দাবি, আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতিশ্রুত কাজ না করেই ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ সংগ্রহ ও আত্মসাৎ করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
সময়ের আলো/এমকে