প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৮:৩৩ পিএম
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সময়ের আলো চুরির মামলায় জেলহাজতে থাকা মোমিন নামের আসামিকে আদালতে হাজিরা দিতে নিয়ে আসা হয়। এসময় আদালতের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও বিকেল ৪টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী। এ ঘটনায় আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোমিন সদর উপজেলার কোবদাসপাড়া মহল্লার সবুর আলীর ছেলে। তিনি চুরির মামলায় জেলহাজতে ছিলেন। আজ হাজিরা দিতে আদালতে আনা হয় তাকে।
পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, তাকে নিয়ে আসার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতে রাখা হয়েছিল। পরে হাজতখানায় আরেক আসামিকে ঢূকানোর সময় সে পুলিশকে ধাক্কা দিয়ে বের হয়। এরপর বাড়ান্দায় কোনও গ্রিল না থাকার সুযোগে লাফ দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বিষয়টি মৌখিকভাবে সদর থানায় জানানো হয়েছে। আমরা খুঁজছি তাকে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সময়ের আলো/এনএন