বোনের প্রেমের সম্পর্কের জেরে শ্যালককে হত্যা, ২৮ দিন পর মিলল কঙ্কাল

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজ হওয়ার ২৮ দিন পর মাদারীপুরের রাজৈরের একটি ডোবা থেকে সৌরভ আহমেদ (২০) নামে যুবকের কঙ্কালের

2026-09-03T20:55:48+00:00
2026-09-03T21:03:47+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বোনের প্রেমের সম্পর্কের জেরে শ্যালককে হত্যা, ২৮ দিন পর মিলল কঙ্কাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৯:০৩ পিএম
সৌরভ আহমেদ (বামে), গ্রেফতার মো. শাহিন (মাঝে) এবং উদ্ধার কঙ্কাল। ছবি : সময়ের আলো
গাজীপুরের পশ্চিম জয়দেবপুর থেকে নিখোঁজ হওয়ার ২৮ দিন পর মাদারীপুরের রাজৈরের একটি ডোবা থেকে সৌরভ আহমেদ (২০) নামে যুবকের কঙ্কালের অংশবিশেষ ও পরনের কাপড় উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌরভের ভগ্নিপতি মো. রবিউল ইসলামকে বৃহস্পতিবার (২০ আগস্ট) এবং তার সহযোগী মো. শাহিনকে সোমবার (৩১ আগস্ট) গ্রেফতার করা হয়। 

Advertisement
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও প্রতিশোধের জেরে সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করা হয়। গত ৩ আগস্ট পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে নিখোঁজ হন সৌরভ। এ ঘটনায় তার মা মোছা. কাকলী বেগম গাজীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজ ডায়েরির তদন্ত করতে গিয়ে কিছু রহস্যজনক তথ্য পায় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার রবিউল ইসলাম নিহত সৌরভের বোন নুপুরের স্বামী। প্রায় চার বছর আগে নুপুরের সঙ্গে রবিউলের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি সন্তান রয়েছে। তারা মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাটের তাঁতিকান্দি এলাকায় বসবাস করতেন। এর মধ্যে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের সঙ্গে নুপুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নুপুর রবিউলের সংসার ছেড়ে জাহাঙ্গীরের সঙ্গে চলে যান। বিষয়টি রবিউল স্বাভাবিকভাবে নিতে পারেননি। এ কারণে প্রতিশোধ নিতে তিনি তার শ্যালক সৌরভকে হত্যার পরিকল্পনা করেন।

পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী রবিউল অপর অভিযুক্ত শাহিনের সঙ্গে আলোচনা করেন এবং সৌরভকে হত্যার জন্য শাহিনকে ৮ হাজার টাকায় চুক্তি করেন। পরে কৌশলে সৌরভকে গাজীপুর থেকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। ৩ আগস্ট রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে রাজৈর থানাধীন হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দি এলাকার একটি ডোবার কাছে সৌরভকে নিয়ে যায় রবিউল, শাহিন ও তাদের আরও দুই সহযোগী। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে সৌরভকে হত্যা করা হয়। পরে লাশ একাধিক টুকরো করে ডোবার কচুরিপানার নিচে গুম করে তারা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের তথ্যমতে, হত্যাকাণ্ডে মোট চারজন অংশ নেয়। তাদের মধ্যে রবিউল ইসলাম ও শাহিনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই সহযোগী বর্তমানে পলাতক।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বাদীর দেওয়া পারিবারিক কলহের তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সৌরভের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। পরে তার মা সদর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও পারিবারিক বিরোধের বিষয়টি সামনে রেখে মাদারীপুরের টেকেরহাট এবং সাতক্ষীরা এলাকায় অভিযান চালায় পুলিশের যৌথ দল। একপর্যায়ে প্রধান অভিযুক্ত মো. রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিলিং মিশনে অংশ নেওয়া অপর অভিযুক্ত মো. শাহিনকে মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, মাদারীপুর জেলার রাজৈর থানাধীন হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দি এলাকার একটি ডোবা থেকে সৌরভের কঙ্কালের অংশবিশেষ ও পরনের কাপড় উদ্ধার করা হয়। গ্রেফতার দুই আসামি মো. রবিউল ইসলাম ও মো. শাহিন স্বেচ্ছায় আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় পলাতক অপর দুই আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য তথ্য উদঘাটনে পুলিশের অভিযান ও মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   প্রেম  হত্যা  মাদারীপুর  কঙ্কাল  গ্রেফতার  গাজীপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: