প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৫:৫৮ পিএম
উদ্ধার করা হরিণ । ছবি : সময়ের আলো নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে একটি জবাই করা হরিণ উদ্ধার হয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হরিণ শিকারিরা। ফলে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ কথা জানান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর আতাউর সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে আনুমানিক ৪০ কেজি ওজনের একটি জবাই করা হরিণ উদ্ধার করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, উদ্ধার হরিণটি হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও বন্যপ্রাণী সংরক্ষণ ও অবৈধ শিকার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সময়ের আলো/এনএন