এনএসসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি বাফুফেসহ ৩৮ ফেডারেশন

ক্রীড়া ডেস্ক

খেলা

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধিভুক্ত দেশের ৫২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন জমা দিয়েছে

2026-09-03T23:59:22+00:00
2026-09-03T23:59:22+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এনএসসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি বাফুফেসহ ৩৮ ফেডারেশন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধিভুক্ত দেশের ৫২টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন জমা দিয়েছে মাত্র ১৪টি। অর্থাৎ বাফুফেসহ ৩৮টি ক্রীড়া সংস্থা এখনো জাতীয় ক্রীড়া পরিষদে তাদের হিসাব জমা দেয়নি।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২৩ নম্বর ধারায় প্রত্যেক জাতীয় ক্রীড়া সংস্থার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী এবং অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে এনএসসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই আইনি বাধ্যবাধকতা থাকলেও দীর্ঘদিন ধরে ফেডারেশনগুলোর আর্থিক জবাবদিহি নিশ্চিত করতে পারছে না এনএসসি।

Advertisement
ফেডারেশনগুলোর অডিট প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে এর আগে কঠোর অবস্থান নিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। প্রতিবেদন জমা না দেওয়ায় কয়েকটি ফেডারেশনের অনুদানও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে সেই অবস্থান আর কার্যকর থাকেনি।

এবার ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের বিবরণী ও অডিট প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) তনময় ইসলাম সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে অবিলম্বে ওই হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের অডিট প্রতিবেদনও সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের হিসাব জমা দেওয়া ১৪টি সংস্থার মধ্যে রয়েছে কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিকস, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেনিয়ারিং, প্যারা অলিম্পিক ও ক্রিকেট বোর্ড।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের অডিট ও আয়-ব্যয়ের হিসাব এখন পর্যন্ত জমা দিয়েছে শুধু বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট প্রতিবেদন জমা দেয়নি। অথচ বিভিন্ন সময়ে সরকারের কাছে নানা ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা চেয়ে থাকে বাফুফে।

এমনকি এশিয়ান কাপ বাছাইপর্বের তিনটি হোম ম্যাচ থেকে পাওয়া গেট মানির অর্থের হিসাবও বাফুফের কাছে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সেই অর্থও এখনো জমা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই তিন ম্যাচের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাবও বাফুফে এখনো প্রকাশ করেনি।

শুধু ফুটবল নয়, আরচেরি, অ্যাথলেটিকস, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফেডারেশনও জাতীয় ক্রীড়া পরিষদে আয়-ব্যয়ের বিবরণী ও অডিট প্রতিবেদন জমা দেয়নি।

আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এত বিপুলসংখ্যক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের হিসাব না দেওয়ার ঘটনায় ক্রীড়া অঙ্গনে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সময়ের আলো/টিকে

  বিষয়:   এনএসসি  আয়-ব্যয়  হিসাব  বাফুফে  ৩৮ ফেডারেশন  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: