বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাট যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী। তাদের বহনকারী গাড়িটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ওই নারী হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে ধানখেতে পড়ে যায়।
এ ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং পথচারী ফিরোজা বেগম আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি পুলিশি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহত ফিরোজা বেগমের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে পুলিশ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন। স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো