প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৪:১৯ পিএম
আটক তিন সদস্য। ছবি : সময়ের আলো নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিজিএফআই পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ফতুল্লার ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছিল। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ব্যবহৃত ওয়াকিটকি উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার কারণে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/এনএন