সাম্প্রতিক বন্যায় নেপালে অন্তত ৩৮ হাজার ৭৫০ কোটি নেপালি রুপি (মার্কিন মুদ্রায় প্রায় ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার) মূল্যের সম্পদ, বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধর্ম রাজ উপ্রেতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ধর্ম রাজ উপ্রেতি বলেন, ‘এসব এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও দফতরের সঙ্গে সমন্বয় করে এই হিসাব করা হয়েছে। শিগগিরই ক্ষয়ক্ষতির আরও বিস্তারিত মূল্যায়ন করা হবে।’
উপ্রেতি বলেন, ‘বন্যার পর প্রথম ৪ মাসে জরুরি পুনরুদ্ধার কার্যক্রমে রাস্তা নির্মাণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে প্রায় ৫ কোটি ২৬ লাখ ডলার প্রয়োজন হতে পারে।’
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণ করতে হবে বলেও জানান তিনি। এর মধ্যে অন্তত ৭ হাজার ৫০০ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, ২৬ আগস্ট চীনের সীমান্তবর্তী নেপালের একটি এলাকায় হিমবাহ ধসে ত্রিশুলি নদীতে বরফ, পাথর ও কাদার ভয়াবহ ঢল নামে। এতে একের পর এক জনপদ প্লাবিত হয়ে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়, অনেক মানুষের মৃত্যু হয় এবং এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
সময়ের আলো/মহু