উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক নির্মাণে ২ হাজার ৭৭ কোটি টাকারও বেশি বরাদ্দ অনুমোদন করেছে ভারত সরকার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি এ ঘোষণা দেন।
দার্জিলিং জেলার ৩১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশে এ চার লেনের কাজ বাস্তবায়িত হবে। নিতিন গডকড়ি জানান, এই প্রকল্পে ৩টি বড় সেতু, ১টি ফ্লাইওভার, ৫টি হাতি চলাচলের আন্ডারপাস ও দুপাশে সার্ভিস রোড তৈরি করা হবে।
প্রকল্পটি নেপাল সীমান্তের কাছে অবস্থিত গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে মিলবে। বিমানবন্দরটিতে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর উপযোগী একটি নতুন গ্রিন টার্মিনাল ভবন ও ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিং ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে।
নিতিন গডকড়ি বলেন, ‘এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ করবে। এছাড়া এটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কির যানজট কমাবে এবং চা ও কৃষি পণ্য পরিবহনে গতি আনবে।’
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এ মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে শক্তিশালী করবে।’
উল্লেখ্য, ভারতের কৌশলগত এই করিডোরের নিরাপত্তায় একটি ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও করছে দেশটির সরকার।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/মহু