ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই হারের পর পাকিস্তান দলে চলছে অস্থিরতা। এর মধ্যেই শেষ টেস্টের আগে স্কোয়াড থেকে সাত ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সিদ্ধান্তের প্রতিবাদে ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে যাননি বাদ পড়া এক পাকিস্তানি ক্রিকেটার।
ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের ক্ল্যারেন্স হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা চার্লস। স্কোয়াডে পরিবর্তন আনার পরও অনুষ্ঠানে দলের উপস্থিতি নিশ্চিত করতে বাদ পড়া ক্রিকেটারদেরও সেখানে যেতে নির্দেশ দিয়েছিল পিসিবি। তবে দলের অভ্যন্তরের চলমান পরিস্থিতিতে একজন ক্রিকেটার সেই নির্দেশ অমান্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
প্রতিবেদন অনুযায়ী, শেষ টেস্টের আগে যেসব ক্রিকেটারকে আর প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁদেরও রাজপরিবারের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে কঠোরভাবে বলা হয়। দলের প্রতিনিধিত্ব কমে গেলে তা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে, এমন আশঙ্কা থেকেই পিসিবি এই নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে।
বাদ পড়া চার ক্রিকেটার আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে কয়েকজন খেলোয়াড় সেখানে যেতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁদের মধ্যে একজন নিজের সঙ্গে করা আচরণের প্রতিবাদে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
দ্য টেলিগ্রাফ ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। তবে শেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়া বাকি তিন পরিচিত নাম হলেন মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা ও ইমাম-উল-হক। ফলে তাঁদের মধ্যেই কেউ সেই ক্রিকেটার কি না, তা নিশ্চিত নয়।
পাকিস্তান দলে শুধু ক্রিকেটার বাদ দেওয়াই নয়, কোচিং স্টাফেও এসেছে বড় পরিবর্তন। টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পর পাকিস্তান জাতীয় দলের অন্যতম নির্বাচক মিসবাহ-উল-হকও পদত্যাগপত্র দিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও হেডিংলিতে প্রথম দুই টেস্টে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। শেষ ম্যাচের আগে তাই দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যাঁদের পরিবর্তে নতুন ক্রিকেটারদের ডাকা হয়েছে, তাঁদের কেউ কেউ এখনো দলের সঙ্গে যোগ দেননি। ফলে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে পাকিস্তান দলের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কাও ছিল।
অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রাজা চার্লস। কঠিন সময় পার করা দলটিকে তিনি উৎসাহ দেন। অধিনায়ক বাবর আজম রাজাকে পাকিস্তানি ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাট উপহার দেন। পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও তাঁকে উপহার দেন।
পরে নাকভি জানান, সাক্ষাৎটি ছিল ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ। পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেছেন রাজা চার্লস।
তবে রাজপরিবারের এই সাক্ষাতের আড়ালেই পাকিস্তান দলের ভেতরের অস্বস্তি নতুন করে সামনে এসেছে। সিরিজ হারের পর একের পর এক পরিবর্তন এবং ক্রিকেটারদের বাদ দেওয়ার সিদ্ধান্তের মধ্যেই এবার রাজার অনুষ্ঠানে একজনের অনুপস্থিতি যোগ করল নতুন মাত্রা।
সময়ের আলো/টিকে