বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শ্রমিকদের অভুক্ত রেখে উৎপাদনশীলতা বাড়বে না। নতুন মজুরি নির্ধারণ না হওয়া পর্যন্ত গার্মেন্টসসহ বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য জরুরি ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করতে হবে।
তিনি বলেন, এই দুর্মূল্যের বাজারে শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবন কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকেরা মারাত্মক দুর্দশায় নিপতিত হয়েছেন। বিদ্যমান মজুরি দিয়ে শ্রমিক পরিবারের মাসের ১৫ থেকে ২০ দিন চলাই কঠিন। তাই দ্রুত শ্রমিকদের জন্য নতুন ও ন্যায্য মজুরি নির্ধারণে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় সাইফুল হক এসব কথা বলেন।
তিনি শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে ব্যাটারিচালিত রিকশার বিষয়ে অতিউৎসাহী হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত না নিতে সরকার ও সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান। সড়কে বিদ্যমান নৈরাজ্য বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনায় বসারও আহ্বান জানান তিনি।
সাইফুল হক বলেন, শ্রমজীবী মানুষের মানবিক জীবন নিশ্চিত না হলে শিল্প খাতে প্রত্যাশিত উৎপাদন যেমন বাড়বে না, তেমনি শিল্পাঞ্চলে স্থিতিশীলতাও নিশ্চিত হবে না। স্বল্প সময়ের মধ্যে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি না ঘটলে নতুন নতুন কারখানা বন্ধ হবে এবং বেকার হবেন হাজার হাজার শ্রমিক।
সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, জামাল সিকদার, আইয়ুব আলী, মোহাম্মদ শাহজাহান, হালিম ভূইয়া, সুমন মিয়া, নাঈম খান, নূর ইসলাম, আহসান বিল্লাল, আর ইউ হবিব, চুন্নু সিকদার প্রমুখ।
সভায় আগামী ১৩ নভেম্বর ২০২৬ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে মীর মোফাজ্জল হোসেন মোশতাককে আহ্বায়ক, সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং ফিরোজ আলীকে সদস্যসচিব নির্বাচিত করে ২৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে ময়মনসিংহের প্রবীণ বামপন্থী নেতা কমরেড শাহজাহানের মৃত্যু এবং নেপালে পার্বত্য সুনামিতে বিপুল প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়।
সময়ের আলো/এমকে